আওয়ামী লীগ আমলের হত্যা, মামলায় পাটগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার
মিঠু মুরাদ | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:২৬ এএম
লালমনিরহাটের পাটগ্রামে পৌর জামায়াতের আমির সোহেল রানাকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা তিনটি হত্যা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সোহেল রানার বিরুদ্ধে আদালত থেকে তিনটি হত্যা মামলার ওয়ারেন্ট জারি ছিল। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতার সময় বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিকে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের দুজন, বিএনপির একজন এবং আওয়ামী লীগের একজন কর্মী নিহত হন।
ওই ঘটনায় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলা এবং জামায়াত-শিবিরের কর্মী নিহতের ঘটনায় পুলিশের করা আরও দুটি হত্যা মামলায় সোহেল রানাকে আসামি করা হয়। পরবর্তীতে লালমনিরহাট আদালত এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিষয়:
