সন্তানের মরদেহ নিয়ে প্রেমিকের বিচারের দাবিতে মায়ের মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১১:৪৪ এএম
ঝালকাঠিতে এক ভুক্তভোগী মা তার ১৩ মাসের কন্যাসন্তানের মরদেহ নিয়ে প্রেমিকের বিচারের দাবি জানিয়েছেন। মায়ের মানববন্ধন সোমবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার পূর্ব ভাউতিতা গ্রামের একটি সড়কে অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী মা ও তার পরিবারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
নিহত শিশুর নাম জেসমিন এবং তার মায়ের নাম লিয়া মনি আক্তার।
মা লিয়া মনি আক্তার জানান, ২০২১ সালে পূর্ব ভাউতিতা গ্রামের হৃদয় ব্যাপারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। জন্মের সময় হৃদয় এবং তার স্বজনরা হাসপাতালে উপস্থিত ছিলেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রতিশ্রুতি দেন।
কিন্তু ১৯ ফেব্রুয়ারি বাড়ি ফেরার পথে হৃদয় ও তার স্বজনেরা কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যান। পরে নবজাতককে রাস্তার পাশে ফেলে রাখা হয়। এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে চাইল্ড হোমে পাঠান। ঘটনার তিন মাস পর লিয়া মনি ও তার পরিবার বিষয়টি জানতে পারেন। ডিএনএ পরীক্ষাসহ আইনি প্রক্রিয়ার পর ৯ মার্চ শিশুটিকে অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরানো হয়। পরদিন শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি সোমবার সকালে মারা যায়।
শিশুটির মা ৯ মার্চ হৃদয় ব্যাপারীসহ তিনজনকে ধর্ষণের অভিযোগে ঝালকাঠি সদর থানায় মামলা করেন। অভিযুক্ত হৃদয় ব্যাপারী পলাতক রয়েছেন।
অপরদিকে হৃদয়ের বাবা আবুল ব্যাপারী অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে, আসামিরা পলাতক এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এনএফ৭১/একে
বিষয়:
