ঝড়ের তাণ্ডবে ট্রলারডুবি, ২ ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে ফিরল দুই ছেলে
ভোলা প্রতিনিধি | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১০:১৯ এএম
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবিতে নুরে আলম ওরফে বেচু মাঝি (৬৫) নামে এক জেলে নিহত হয়েছেন। হৃদয়বিদারক এই ঘটনায় দুই ঘণ্টা সাঁতার কেটে বাবার মরদেহ নিয়ে বাড়ি ফেরেন তার দুই ছেলে।
শুক্রবার বিকেলে চরপাতিলা বয়ার চর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত বেচু মাঝি চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা। তিনি মৃত মজিবল হকের ছেলে।
নিহতের ছেলে শাহীন জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি, তার বাবা ও ভাই সাকিল মেঘনা নদীতে মাছ ধরতে যান। শুক্রবার বিকেলে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে তাদের ট্রলারটি উল্টে যায়। এ সময় তার বাবা ট্রলারের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান এবং আর উঠতে পারেননি।
তিনি আরও জানান, তার ভাই সাকিল জালের বয়া ধরে কোনোভাবে ভেসে থেকে প্রাণে বেঁচে যান। কিছুক্ষণ পর বাবার মরদেহ ভেসে উঠলে সেটি নিয়ে প্রায় দুই ঘণ্টা সাঁতার কেটে চরপাতিলা নদীর তীরে পৌঁছান তারা। পরে স্থানীয়দের সহায়তায় রাতের দিকে মরদেহ বাড়িতে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, বেচু মাঝি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে। তার ৯ সন্তান রয়েছে, যার মধ্যে একজন প্রতিবন্ধী মেয়েও রয়েছে। পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
দক্ষিণ আইচা থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, নিহত জেলে নিবন্ধিত হয়ে থাকলে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। মৎস্য বিভাগ তাদের পাশে থাকবে।
এনএফ৭১/একে
বিষয়:
