চট্টগ্রাম মহানগরের ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে খুলশী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, খুলশী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক মো. এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ফয়েজ লেক এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইমরান হোসেন (৩০)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধমনুর আজাদী বাজার হাজী বকসু মিস্ত্রীর বাড়ির বাসিন্দা। অপরজন সিলভী আক্তার (১৯), তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার গংগারামপুর এলাকায়।
পুলিশ জানায়, এ ঘটনায় খুলশী থানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
খুলশী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফয়েজ লেকসহ নগরের বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে সময় সময় অভিযান চালিয়ে একাধিক নারী-পুরুষকে গ্রেপ্তার করা হলেও এসব কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।