টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২১, ০২:৪৭ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কভার্ডভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক এ্যাসোসিয়েশন ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো: হাসানুজ্জামান কল্লোল।
শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে সংগঠনের সভাপতি মুকবুল আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।
এরপর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো: হাসানুজ্জামান কল্লোল বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে আলাদাভাবে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম, বাংলাদেশ কভার্ডভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক এ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ, অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব, যুগ্ম মহাসচিব মোজ্জাম্লে হক কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/জেএস/২০২১
