‘চুদলিং পং’ কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে ‘চুদলিং পং’ কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাটি রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় ঘটে।
আহতদের মধ্যে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা জানায়, গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রাতেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য পরিচয় দিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম ওই পোস্টে ‘চুদলিং পং’ লিখে কমেন্ট করেন।
এরই জের ধরে রাত ১১টার দিকে সাকিবুল হাসান ও মাহিমের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে রাত ২টার দিকে উভয় পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন এবং উভয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিষয়:
