প্রথম যাত্রায় ১২০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের পথে তিন জাহাজ

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১১:২১ এএম

ছবি: সংগৃহীত

মৌসুমের প্রথম ট্রিপে ১২০০ পর্যটককে নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করেছে তিনটি জাহাজ।

সোমবার (১ ডিসেম্বর) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে ভিড় করতে শুরু করেন। সকাল ৭টা ১৫ মিনিটে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ ঘাট ছাড়ে।

জাহাজে উঠার আগে যাত্রীরা ক্রয়কৃত টিকিট প্রদর্শন করেন, এবং প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হয় পরিবেশবান্ধব পানির বোতল।

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে। এ মৌসুমে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাতযাপনের সুযোগ থাকছে। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে; কিউআর কোড ছাড়া কোনো টিকিট নকল হিসেবে গণ্য হবে।

‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, ৬টি জাহাজ অনুমতি পেলেও যাত্রীসংখ্যার ভিত্তিতে প্রথম দিনে তিনটি জাহাজ চলাচল করছে। জোয়ার-ভাটা ও নদীর নাব্যতা দেখে প্রতিদিনের যাত্রাসূচি নির্ধারণ করা হবে। সেন্ট মার্টিন থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো বিকেলে আবার কক্সবাজারে ফিরবে।

প্রথম দিনের যাত্রা পরিদর্শনে এসে কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, “সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। পর্যটকদের সহযোগিতা পেলেই এই ব্যবস্থা আরও কার্যকর হবে।”



বিষয়:



Top