শাহ আমানত বিমানবন্দরে ফের ফ্লাইট বাড়াচ্ছে বিদেশি এয়ারলাইনস
চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম
প্রয়োজনীয় যাত্রী না পাওয়ায় গত বছরের সেপ্টেম্বরে সালাম এয়ার এবং ডিসেম্বরে ফ্লাই দুবাই তাদের ফ্লাইট বন্ধ করে দেয় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে বছর ঘুরতেই ফের কার্যক্রম শুরু করেছে তারা।
১৮ সেপ্টেম্বর থেকে সালাম এয়ার সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে। আর ফ্লাই দুবাই আগামী ২৬ অক্টোবর থেকে সপ্তাহে সাতটি ফ্লাইট চালু করার পরিকল্পনা নিয়েছে। শুধু তাই নয়, নর্দান চায়নাসহ আরও কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা এ রুটে ফ্লাইট শুরু করতে আগ্রহ প্রকাশ করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান, সালাম এয়ার আগে একটি ফ্লাইট পরিচালনা করলেও এখন তা দ্বিগুণ করেছে। ফ্লাই দুবাইও চলতি বছরের অক্টোবর থেকে পুনরায় ফ্লাইট চালু করছে। এছাড়া মধ্যপ্রাচ্য ও চীনের কয়েকটি এয়ারলাইনের সঙ্গে আলোচনা চলছে।
নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চলতি বছরের জুন পর্যন্ত এ বিমানবন্দরে ৪ হাজার ৬১০টি আন্তর্জাতিক ফ্লাইটে ৩ লাখ ৯২ হাজার এবং ৬ হাজার ৬৯০টি অভ্যন্তরীণ ফ্লাইটে ৩ লাখ ২৩ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে।
২৫ বছর আগে অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক রূপ পেলেও অবকাঠামোগত উন্নয়ন আশানুরূপ হয়নি। এখনো বছরে ১৫ থেকে ১৭ লাখ যাত্রী পরিবহন করলেও বোডিং ব্রিজ ও লাগেজ কনভেয়ার বেল্ট রয়েছে মাত্র দুটি করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, প্রথমবারের মতো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এতে শৃঙ্খলা ফিরেছে এবং যাত্রীসেবার মান কিছুটা উন্নত হয়েছে।
তবে ব্যবহারকারীদের অভিযোগ, প্রতিবেশী দেশের তুলনায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গ্রাউন্ড চার্জ বেশি হওয়ায় বিদেশি এয়ারলাইনসগুলো আগ্রহ হারাচ্ছে। তাদের দাবি, এ চার্জ কমানো হলে আরও কয়েকটি সংস্থা ফ্লাইট চালু করতে আগ্রহী হবে।
চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের সভাপতি আসিফ চৌধুরী বলেন, “ওমান এয়ার ফের আসবে, স্পাইস জেটও রিভাইভ করবে। সালাম এয়ার ফ্লাইট বাড়াচ্ছে, ফ্লাই দুবাই ফিরছে। নতুন নতুন ফ্লাইট আনার সম্ভাবনা রয়েছে। এজন্য আমাদের সক্ষমতা বাড়াতে হবে, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ কমাতে হবে, কনভেয়ার বেল্ট ও বোডিং ব্রিজ বাড়াতে হবে।”
বর্তমানে চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা-মদিনা, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি-শারজাহ-দুবাই এবং ওমানের মাসকট রুটে সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বিষয়:
