ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনে নিহত ৩৫, আহত ১৩১-এর বেশি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ এএম
ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩১ জনের বেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) এ হামলা চালানো হয়। এর একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির এলাকার আবাসিক ভবন, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফের রাজধানী আল-হাজমের সরকারি কমপাউন্ডে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপে অনেকেই আটকে থাকতে পারেন।
দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করার চেষ্টা করছেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছেন।
হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হামলায় সানার দক্ষিণ-পশ্চিমের একটি মেডিকেল সেন্টার এবং আল-হাজমের স্থানীয় সরকারি কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
হুথি মুখপাত্র ইয়াহইয়া সারে দাবি করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে কিছু ইসরায়েলি বিমানকে পিছু হটতে বাধ্য করা হয়। তাদের সারফেস-টু-এয়ার মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হুথি গোষ্ঠীর সামরিক শিবির, সামরিক সদর দপ্তর ও একটি জ্বালানি সংরক্ষণাগার ছিল হামলার মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রামন বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এ আঘাত হানা হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন— “যারা আমাদের আক্রমণ করবে, আমরা তাদের খুঁজে বের করব এবং জবাব দেব।”
সূত্র: আল জাজিরা
বিষয়:
