আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে দুপক্ষের টেঁটাযুদ্ধ: নিহত ২
Nasir Uddin | প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ১০:৫২ এএম
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের টেঁটাযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের চানপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার পুত্র আমিন মিয়া (২৩) ও একই গ্রামের বারেক হাজীর পুত্র বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুরে সালাম ও সামসু মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে, গত রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘‘সালাম ও সামসু মেম্বার লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, ‘‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অফিশিয়ালি দুজন নিহতের খবর পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ শুরু করেছে।’’
