টানা ৩ দিনের ছুটি, কক্সবাজার-কুয়াকাটার সব হোটেল বুকিং

শাকিল খান | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০ এএম

ছবি : সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি আগামীকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। এর পরের দুই দিন (২৯ ও ৩০ সেপ্টেম্বর) শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টানা তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ২৮ সেপ্টেম্বর ২০২৩ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। প্রতিবছরই দিবসটিতে সরকারি ছুটি থাকে।

এদিকে টানা তিন দিনের ছুটি থাকায় পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্রগুলোতে আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা। বিশেষ করে কক্সবাজারের তারকামানের হোটেলগুলো আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শতভাগ বুকিং হয়ে গেছে। এ ছাড়া কুয়াকাটায়ও অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে।

হোটেল মালিক সমিতির তথ্যানুযায়ী, কুয়াকাটায় ছোট-বড় ১৭০টির মতো আবাসিক হোটেল রয়েছে। এগুলোর ধারণক্ষমতা সর্বোচ্চ ২৫ হাজার। বছরে বিশেষ ছুটির দিনগুলোতে সেখানে অসংখ্য পর্যটক আসেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার ও কুয়াকাটায় আগত পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য উৎসবের আয়োজন করা হয়েছে বলেও জানা গেছে।





Top