ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
শাকিল খান | প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ০৬:০১ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ আব্দুস সালাম মণ্ডল (৫৫) ও তার স্ত্রী বুলবুলি বেগম (৪৫) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (১২ জুন) রাতে স্বামী ও মঙ্গলবার (১৩ জুন) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আব্দুস সালামের শরীরের ৭০ শতাংশ এবং বুলবুলি বেগমের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় নিহত আব্দুস সালামের মেয়ে সোনিয়ার (৩০) শরীর ৪২ শতাংশ, ছেলে টুটুলের (২৫) ৬০ শতাংশ ও নাতনি মেহজাবিনের (৭) ৩৫ শতাংশ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তারা তিনজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।
শুক্রবার (৯ জুন) ভোরে ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকায় সেলিনা বেগমের বাড়িতে চার্জার ফ্যান বিস্ফোরণের পর বাসায় আগুন ধরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এরপর তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন জানান, সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে স্বামী স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এমন সংবাদ পেয়েছি।
বিষয়: নারায়ণগঞ্জ বিস্ফোরণ দগ্ধ নিহত আহত News newsflash71
