ডা. আফছারুল আমিন এমপি’র মৃত্যুতে পার্বত্য মন্ত্রীর শোক প্রকাশ

শাকিল খান | প্রকাশিত: ৩ জুন ২০২৩, ০৩:৩৮ এএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।

পরিবার সূত্র বলছে, ২০২০ সালের জানুয়ারিতে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। প্রথমে তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন। এরপর দেশে নিয়মিত চিকিৎসা নেন।

১৯৫২ সালের ১ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম-১০ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে মোট তিনবার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. আফছারুল আমীন। তিনি সরকারের নৌপরিবহণ ও পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। 

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন আফছারুল আমীন। এছাড়া মৃত্যুর আগে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করছিলেন আওয়ামী লীগের এই নেতা।





Top