চুয়াডাঙ্গায় ২ কেজি ৩৩০ গ্রাম স্বর্ণ জব্দ
শাকিল খান
|
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ০৪:৪৩ পিএম
চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ শাহাবুল মিয়া (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
গতকাল রাত ৯ টার দিকে জীবননগর বিজিবি ক্যাম্পের পাশে থেকে তাকে আটক করা হয়। আটক শাহাবুল মিয়া জীবননগর সদরপাড়ার মৃত মোকছেদ মন্ডলের ছেলে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত দিয়ে সোনা পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে রবিবার রাতে সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। রাত ৯টার দিকে একটি ভ্যান সীমান্তের দিকে যেতে দেখে ভ্যানটির গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় ভ্যানের চালকের বসার আসনের নিচ থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।
অপরদিকে চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ৬টার দিকে দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় সীমান্তের দিকে গমণকারী একটি মোটরসাইকেলের গতিরোধ করলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে বাধা একটি গামছায় মোড়ানো অবস্থায় ৪ কেজি ৯৮৫ গ্রাম রুপার গহনা পাওয়া যায়।
তিনি আরও জানান, স্বর্ণের বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
