কুমিল্লায় হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
শাকিল খান
|
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩, ০৮:৫৮ পিএম
সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুল হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান এ আদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজিব। তারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন জানান, এ হত্যাকাণ্ডের মূলহোতা আকবরের ছোট ভাইয়ের বউ লিপি আক্তার। অন্যরা এই হত্যাকাণ্ডের সহযোগী। রায়ের সময় লিপি আক্তার ও সজিব পলাতক ছিলেন। বাকি তিন আসামির সামনেই রায় পড়ে শোনান বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবার মধ্য থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করেন তার স্ত্রী ফাতেমা বেগম।
এ ঘটনায় কুমিল্লা লাকসাম থানার উপ-পরিদর্শক শেখ মিল্টন রহমান পাঁচ জনকে আসামি করে একটি হত্যা দায়ের করেন। এতে ১৬ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। আসামিদের মধ্যে তাজুল ইসলাম রুবেল ছাড়া বাকি চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
বিষয়: বিরোধ কুমিল্লা হত্যা মামলা মৃত্যুদণ্ড newsflash71 News
