চাঁদপুরে ‘ফুটবল নিয়ে বিতর্কে’ খুন হলো যুবক
নিশি রহমান | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১২:১৫ এএম
চাঁদপুরে ‘ফুটবল নিয়ে বিতর্কে’ বন্ধুর ছুরিকাঘাতে মেহেদী নামের এক যুবক খুন হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে পুলিশ।সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বাগাদী ইউনিয়নের দক্ষিণ নানুপুর গ্রামের আমিন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান ওই গ্রামের সবজি ব্যবসায়ী হেলাল বেপারীর ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে মেহেদী সবার বড়।
মেহেদীর বাবা হেলাল বলেন, গত ২৬ তারিখ আমার ছেলে আর্জেন্টিনার খেলা দেখছিলো। ওইদিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বরকত মারধর করে। সেই ঘটনা নিয়ে আজ সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে অন্ধকার জায়গায় ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে এলোপাতারী বুকে আঘাত করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোরের মৃত্যু হয়েছে। তার বুকে তিনটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বরকতকে আটক করা হয়েছে। তদন্তের পর আরও তথ্য জানা যাবে।
বিষয়: চাঁদপুর হত্যাকাণ্ড খুন
