পার্বতীপুরে দাদন ব্যবসায়ী আনোয়ারুলের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
পার্বতীপুর থেকে | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২২, ০৮:১৭ এএম
দিনাজপুরের পার্বতীপুরে এলাকায় কুখ্যাত দাদন ব্যবসায়ী মামলাবাজ, নারী অপহরণকারী ও চেক জালিয়াতির হোতা আনোয়ারুল ইসলামের শাস্তির দাবিতে এলাকাবাসীর ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলার হামিদপুর ইউনিয়নের দক্ষিন পলাশবাড়ী গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র আনোয়ারুল ইসলামের বিচার ও শাস্তির দাবিতে বড়পুকুরিয়া সুন্দরী মোড় নামক স্থানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন ভূক্তভোগী এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, ইউপির ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি তাইজুল ইসলাম, মোছাঃ নার্গীস বেগম, মোঃ মজমুল হক (প্রতিবন্ধী), ইটভাটার মালিক মোঃ আবুল কালাম আজাদ, পাতিগ্রাম যুব সমাজের নেতা মোঃ রতন প্রমুখ।
ভুক্তভোগী বক্তারা বলেন, এলাকার অসহায় লোকেরা তার নিকট টাকা নেয়ার পর তাদের নিকট থেকে আনোয়ারুল ইসলাম ফাঁকা চেক সই করে নেয়। পরে সময়মতো সেই চেকে নিজের ইচ্ছামত টাকার অংক বসিয়ে টাকার দাবি করেন। টাকা দিতে না পারলে ঐ ব্যক্তির বিরুদ্ধে থানায় ও আদালতে হয়রানিমুলক মিথ্যা মামলা ঠুকে দেন। দাদন ব্যবসায়ী আনোয়ারুল এলাকার প্রায় ২০-২২ জনের বিরুদ্ধে হয়রানীমুলক আদালতে মামলা করে এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আর এ মামলা করার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো মামলা চালাতে হিমশিম খাচ্ছেন, এ ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রশাসনের নিকট ন্যায় বিচার ও শাস্তির দাবিতে ভুক্তভোগীরা মানববন্ধন করতে বাধ্য হয়েছে। নারী নির্যাতনকারী, মাদক ও দাদন ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে পার্বতীপুর থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য যে, দাদন ব্যবসায়ী আনোয়ারুল গত মাসে একটি মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেলে পাঠিয়ে দেন।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: পার্বতীপুর ব্যবসায়ী মানববন্ধন এলাকাবাসী
