ফকিরহাটে গরু চোর চক্রের তিন সদস্য আটক, গরু ও পিকআপ জব্দ
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ০৮:০৯ এএম
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী হাইওয়ে এলাকা থেকে গরু চোর চক্রের ৩ সদস্যসহ দুটি চোরাই গরু আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। এসময় গরু বহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপনে সংবাদপর ভিত্তিতে শুক্রবার খুব ভোরে এসআই মো. রফিকুল ইসলাম, এসআই প্রতাপ সিংহসহ সংগীয় পুলিশ ফোর্স কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত চোর চক্রের সদস্যরা হলেন, ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের মৃত শামসুর শেখের পুত্র হেকমত আলী শেখ (৪৮), যশোর খোলাডাঙ্গা এলাকার মৃত মো. ইসরাফিলের পুত্র মো. সাইফুল ইসলাম শুকুর (৫১) ও বাগেরহাট সদরের সোনাডাঙ্গা এলাকার টুকু শেখের পুত্র আসাদুল শেখ (২৪)। এ সময় অজ্ঞাত আরো ২/৩ জন পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলিমুজ্জামান জানান, আটককৃত চোর চক্রটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওই গরু দুইটি মাগুরা থেকে চুরি এনেছে। গরুর মালিককে খোজা হচ্ছে। এ ব্যাপারে মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
এনএফ৭১/আরআর/২০২২
