ঈদে ঘুরতে বের হয়ে প্রাণ গেলো কলেজছাত্রের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ০৬:৩৭ এএম
রাজবাড়ীর পাংশা পৌরসভার নারায়ণপুরে ঈদে ঘোরাঘুরি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণপুর কৃষি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আবু মুসা পাংশা পৌরসভার নারায়ণপুর কলেজপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি পাংশা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে ঈদে ঘুরতে বের হয়েছিলেন আবু মুসা। পাংশা পৌর এলাকার নারায়ণপুর কৃষি ফার্ম এলাকায় পৌঁছালে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে লুকিং গ্লাসে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ড্রেনের ওপর পড়ে মাথায় আঘাত পান আবু মুসা। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনএফ৭১/আরআর/২০২২
