বিএম কনটেইনার ডিপো থেকে আরও একজনের হাড়গোড় উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ জুলাই ২০২২, ০১:২১ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর বিধ্বস্ত শেডের ভেতর থেকে আরেকটি মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ জুলাই) দুপুরে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার এক মাস দুদিন পর হাড়গুলো উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ বুধবার দুপুরে বিধ্বস্ত শেডের ভেতরে থাকা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন ডিপোর কর্মীরা। এ সময় তারা ডিপোর লম্বা শেডের ভেতরের ধ্বংসস্তূপ সরানোর সময় মরদেহের মাথার খুলি ও পোড়া হাড়গোড় দেখতে পান। ডিপো কর্তৃপক্ষ বিষয়টি আমাদের অবহিত করলে, আমরা সেখানে গিয়ে হাড়গোড়গুলো উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৯টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। আগুন নেভানোর সময় রাসায়নিক ভর্তি একটি কনটেইনার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের ১০ জন ফায়ার ফাইটারসহ ৫০ জন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় তিন শতাধিক মানুষ।
বিষয়: কনটেইনার ডিপো
