ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যা, মামা আটক
ঈশ্বরগঞ্জ থেকে | প্রকাশিত: ৮ মার্চ ২০২২, ০১:৪৩ এএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যার দায়ে তাদের মামা মাহবুবকে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে সায়মা (৫) এবং নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির মেয়ে তৃপ্তি। নিহতরা সম্পর্কে খালাতো বোন।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত মাহাবুব মানসিক ভারসাম্যহীন রোগী। ঘটনার দিন দুপুর পৌনে ১২টার দিকে মাহাবুব তার ২ ভাগনীকে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। এসময় এলাকাবাসী মাহাবুবকে ধাওয়া করলে তিনি স্থানীয় একটি মসজিদে গিয়ে অবস্থান নেন। পরে মসজিদের চারপাশ ঘেরাও করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাহবুবকে আটক করে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া জানান, নিহত দুই শিশুর অভিযুক্ত মামাকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
এনএফ৭১/এমএ/২০২২
