বাগেরহাটে বজ্রপাতে ধানক্ষেতে যুবকের মৃত্যু
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২২, ০৭:৩৩ এএম
বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে ছালিমউল্লাহ শেখ (১৮) নামে সাবেক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের একটি মাঠে ধান রোপণের জন্য জমি প্রস্তুতের সময় বজ্রপাতে মারা যায় ছলিম উল্লাহ।
পরে জমিতে থাকা অন্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নিহত ছালিমউল্লাহ শেখ ভান্ডারখোলা গ্রামের ফরিদ শেখের ছেলে। ছালিম উল্লাহ বছর দুই আগে পড়াশুনা বন্ধ করে দেয়। এরপর থেকে বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। পাশাপাশি এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন ছালিম উল্লাহ।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএফ৭১/এমএ/২০২২
