সরিষা ক্ষেতে কীটনাশক ছিটানোতে মরে যাচ্ছে মৌমাছি
সিরাজগঞ্জ থেকে | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২২, ০১:৩০ এএম
সরিষার ফলন বাড়ানোর জন্য অসচেতনভাবে মাঠে ছিটানো হচ্ছে কীটনাশক। এতে মৌমাছি মরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন মৌ চাষিরা। মৌমাছি মারা যাওয়ার কথা স্বীকার করে কৃষি বিভাগ বলছে, কৃষকদের সচেতনতায় তারা মাঠে নেমেছে।
জানা গেছে, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ ও শাহজাদপুরে সরিষা ফুল থেকে মৌমাছি দিয়ে মধু সংগ্রহে এসেছেন প্রায় ৫ শতাধিক খামারি। প্রতি বছর খামারিরা এসব স্থান থেকে মধু সংগ্রহ করে। এবারও ২ হাজার টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে মাঠে বসিয়েছেন মৌ বাক্স। কিন্তু এ বছর সরিষা চাষিরা ক্ষেতে ফলন বাড়ানোর আশায় ভিটামিন জাতীয় বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ শুরু করেছেন। এতে মৌমাছি মারা যাচ্ছে।
জেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল করিম বলেন, সরিষা ক্ষেতে কীটনাশক ছিটানোর কারণে মৌমাছি মারা যাচ্ছে এই খবর পেয়ে ইতোমধ্যে ফসলের মাঠ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তারা। মধু খামারিদের মৌমাছি ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। বিকেলে মৌমাছিগুলো তাদের বাক্সে ফিরে যায়। কৃষকেরা বিকেলে তাদের সষিরা ক্ষেত্রে কীটনাশক ছিটালে মৌমাছির কোনো ক্ষতি হতো না। কৃষকদের অসচেতনতার জন্য এমনটা হয়েছে।
তিনি আরো জানান, ইতোমধ্যেই কৃষি বিভাগ সরিষা চাষিদের এ বিষয়ে সচেতন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। কৃষকদের সচেতন করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: সিরাজগঞ্জ সরিষা ক্ষেত কীটনাশক
