গবেষণা কেন্দ্রের গ্রিলে ১২ ফুট লম্বা অজগর
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০২:০১ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্রের ভবনে ঢুকে আটকা পড়ে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ। পরে উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়সাপটিকে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে গবেষণা কেন্দ্রটির মূল ফটকের গ্রিলের সঙ্গে পেঁচিয়ে থাকতে দেখা যায় বিশাল আকৃতির সাপটিকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শীতকালীন বন্ধ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এ কারণে তেমন একটা প্রাণচাঞ্চল্য নেই ক্যাম্পাসে। এর মধ্যে একটি ১২ফুট লম্বা অজগর সাপকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মূল ফটকের গ্রিলের সঙ্গে পেঁচিয়ে থাকতে দেখা যায়।
পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলামের সহায়তায় উদ্ধার করা হয় সাপটিকে। উদ্ধারের পর সাপটিকে বিশ্ববিদ্যালয় এলাকার জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
