গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ররিবার
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ১২:৫৪ এএম
ররিবার (১৭ আক্টোবর) থেকে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষা বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে বশেমুরবিপ্রবি প্রশাসন গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
শনিবার (১৬ আক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক(জনসংযোগ) মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বশেমুরবিপ্রবি কেন্দ্রে ১৭ অক্টোবর এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের পরীক্ষায় মোট ৬ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া ২৪ অক্টোবর অনুষ্ঠিত বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের পরীক্ষায় ২ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী এবং আগামী ১ নভেম্বর সি ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় ৫৯০ জন পরীক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. রাজিউর রহমান জানান, পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য মেডিকেল টিম কাজ করবে এবং জরুরি এ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রদান করা হবে। বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবে।
তিনি আরো জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটর সাইকেলসহ সকল প্রকার যানবহন চলাচল নিষিদ্ধ থাকবে। পরীক্ষার দিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি, বহিরাগত কেউ মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবেনা।
উল্লেখ্য, ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।শিক্ষার্থীদের সশরীরে এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
