ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:২৯ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ভূপাতিত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে, যা কয়েক মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল।

দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আটজন নিহত হয়েছেন। উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বি-৫২ বোমারু বিমানটি ১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘপাল্লার এই কৌশলগত বিমানটি ভারী অস্ত্র বহনে সক্ষম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী বোমারু বিমান হিসেবে পরিচিত।

আকাশ থেকে ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামরিক অভিযানে এই ধরনের বিমান ব্যবহার করেছে মার্কিন বাহিনী।

প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম বি-৫২ বিমান একসঙ্গে বিপুল পরিমাণ সমরাস্ত্র বহন করতে পারে। এছাড়া আকাশেই জ্বালানি গ্রহণের সুবিধা থাকায় এটি দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনা করতে সক্ষম।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



বিষয়:



Top