আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে মুছে ফেলা হলো ট্রাম্পের নাম

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১২:২৭ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত কেনেডি সেন্টার ভবন থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আদালতের নির্দেশনা অনুসারে ভবন থেকে নামটি সরিয়ে ফেলার কাজ সম্পন্ন করা হয়েছে। এর আগে ভবনের বাইরের অংশে থাকা নামটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরে ধাপে ধাপে তা অপসারণ করা হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এর ফলে কেন্দ্রটির পরিচয় ও কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বিস্তারের যে অভিযোগ উঠেছিল, তা বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে।

দীর্ঘদিন ধরে কেনেডি সেন্টার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্মৃতিকে ধারণ করে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

জানা গেছে, নাম অপসারণের বিষয়টি আদালতের রায়ের অংশ হিসেবে কার্যকর করা হয়েছে। যদিও এ বিষয়ে আইনি লড়াই এখনো চলমান রয়েছে।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে নাম অপসারণ না করায় প্রতিষ্ঠানটিকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। পরে শনিবার ভোর থেকে শ্রমিকরা ভবনের বাইরের অংশে থাকা নামফলক অপসারণের কাজ শুরু করেন।

এ সময় ভবনের নিচে উপস্থিত অনেক মানুষ পুরো ঘটনা প্রত্যক্ষ করেন এবং ছবি ধারণ করেন। কেউ কেউ এ ঘটনাকে ন্যায়বিচারের বিজয় হিসেবে আখ্যা দেন। আবার অনেকে এটিকে রাজনৈতিক ও আইনি বিতর্কের ধারাবাহিকতা হিসেবে দেখছেন।

অন্যদিকে, মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া চললেও আদালতের নির্দেশনা অনুযায়ী বর্তমান সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top