ইরানের সঙ্গে ডিজিটাল মাধ্যমে চুক্তি সই হয়ে গেছে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৭:৪৪ এএম

ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তি ইতোমধ্যেই ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়নের প্রক্রিয়াও শুরু হয়েছে এবং এর বিনিময়ে ইরানকে নতুন করে কোনো অর্থ ছাড় দেওয়া হচ্ছে না।

সোমবার মার্কিন গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স এ তথ্য জানান।

তিনি বলেন, গত রোববারই চুক্তিটি ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর করা হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ইরানের জন্য কোনো অর্থ অবমুক্ত করা হয়নি এবং এ অবস্থানের পরিবর্তনেরও কোনো সুযোগ নেই।

চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই ডিজিটাল স্বাক্ষর নিয়ে নানা আলোচনা ও জল্পনা ছিল। তবে জেডি ভ্যান্সের বক্তব্যের পর বিষয়টি অনেকটাই স্পষ্ট হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক আয়োজন করা হবে। তবে তিনি জানান, চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি আনুষ্ঠানিক স্বাক্ষরের আগে পুরোপুরি কার্যকর হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, শুক্রবার চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালি উন্মুক্ত করার কাজ শুরু হবে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে আবারও স্বাভাবিকভাবে তেল সরবরাহ করা সম্ভব হবে। সূত্র: টাইমস অব ওমান

এনএফ৭১/একে



বিষয়:



Top