যুদ্ধ বন্ধে একমত আমেরিকা-ইরান, চুক্তি সই শুক্রবার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
সোমবার (১৫ জুন) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ এ তথ্য জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ট্রুথ সোশ্যালে চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন।”
ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধও প্রত্যাহার করা হবে।
তবে চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বিষয়টি প্রচার করা হলেও বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানের জব্দকৃত ২৫ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করতে সম্মত হতে পারে। বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদন বা অর্জন না করার বিষয়ে অঙ্গীকার করবে বলে জানা গেছে।
চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ না হলেও আন্তর্জাতিক অঙ্গনে এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিষয়:
