নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০২:১৯ এএম

ছবি: সংগৃহীত

ভারতের অনুমোদন না পাওয়ায় নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা আপাতত স্থগিত হয়েছে। ফলে আগামী ১৫ জুন থেকে বাংলাদেশ আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে।

নেপালের জ্বালানি খাতের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেয়নি। তাদের মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন লাইনে বর্তমানে অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনের পর্যাপ্ত সক্ষমতা নেই।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত যৌথ পরিচালনা কমিটির বৈঠকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি ৪০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৬০ মেগাওয়াট করার বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। তবে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অনুমোদন এবং নতুন ত্রিপক্ষীয় চুক্তি এখনো সম্পন্ন হয়নি।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির জন্য তারা ভারতের একটি রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করেছিল। কিন্তু ভারত জানিয়েছে, বর্তমান সঞ্চালন ব্যবস্থায় অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পরিবহনের সুযোগ নেই।

বর্তমানে নেপালের ত্রিশুলি ও চিলিমে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। এই বিদ্যুৎ ভারতের সঞ্চালন ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে পৌঁছায়।

২০২৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে নেপাল। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৪০ মার্কিন সেন্ট। অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অনুমোদন মিললে একই দরে বিদ্যুৎ দেওয়া হতো।

এখন অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নেপাল-ভারত যৌথ পরিচালনা কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা হবে। ভারতের অনুমোদন ও নতুন চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি ৬০ মেগাওয়াটে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট

এনএফ৭১/একে



বিষয়:



Top