আবারও ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:৩৫ এএম

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আগ্নেয়গিরি ও ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর জেনেরোসো শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সমুদ্রের তলদেশে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৯৪ কিলোমিটার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ জানিয়েছে, মিন্দানাও দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে এবং এর গভীরতা ছিল প্রায় ১১২ কিলোমিটার।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দাভাও ওরিয়েন্টাল প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের কর্মকর্তা কাইজার কাদিজ বলেন, উপকূলীয় এলাকায় কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি বলেন, সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে সরে যাওয়ার কোনো লক্ষণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। কারণ এমন পরিস্থিতি সুনামির সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। তবে এখন পর্যন্ত উদ্বেগের মতো কোনো লক্ষণ দেখা যায়নি।

এর আগে গত ৮ জুন মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ৬৫ জন নিহত হন। বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, ভূমিধসের ঘটনা ঘটে এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েন। এছাড়া এখনো অন্তত ৩৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনএফ৭১/একে



বিষয়:



Top