ইথিওপিয়ায় যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:৪০ এএম

ছবি: সংগৃহীত

ইথিওপিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। গভীর খাদে একটি যাত্রীবাহী বাস পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

সোমবার স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয় এবং আহতদের নিকটবর্তী বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, দুর্বল সড়ক অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া যাত্রীবাহী যান নদীতে পড়ে গেলে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের সড়ক দুর্ঘটনার মুখোমুখি হলো দেশটি।

এনএফ৭১/একে



বিষয়:



Top