বিশ্বকাপ উন্মাদনা: ধানক্ষেতে নেইমারের ৩৫ ফুট উঁচু কাটআউট
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৩:৩৩ এএম
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড জেলার ওমাসেরি এলাকায়। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশাল কাটআউট স্থাপনের পর এবার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ৩৫ ফুট উঁচু কাটআউট বসিয়ে আলোচনায় এসেছেন ব্রাজিল সমর্থকেরা।
ওমাসেরির আম্বালাক্কান্দিভায়াল এলাকার একটি সবুজ ধানক্ষেতের মাঝখানে স্থাপন করা হয়েছে নেইমারের এই বিশাল কাটআউট। স্থানীয় ব্রাজিল সমর্থক আনিস, নওফাল, সালিম, আরাফাত, শাবির, সিনান, খাইস, জাবিল, সুফিয়ান, নিজাম ও নিয়াসসহ একদল ফুটবলপ্রেমী এর উদ্যোগ নেন।
এর আগে একই এলাকায় পর্তুগাল সমর্থকেরা ২৬ ফুট উঁচু ক্রিস্টিয়ানো রোনালদোর কাটআউট স্থাপন করেন। এর জবাব হিসেবেই ব্রাজিল সমর্থকেরা নেইমারের আরও বড় কাটআউট তৈরি করেন। স্থানীয় সমর্থক সিনান ই কে জানান, কাটআউটটি নির্মাণে তাদের ১০ হাজার রুপিরও বেশি খরচ হয়েছে।
রোনালদো ও নেইমারের বিশাল কাটআউট এখন স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেক পথচারী ও ভ্রমণপ্রেমী সেখানে থেমে ছবি তুলছেন এবং ফুটবল উৎসব উপভোগ করছেন।
২০২২ সালের বিশ্বকাপে পাশের পুল্লাভুর এলাকা মেসি, রোনালদো ও নেইমারের বিশাল কাটআউটের কারণে আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছিল। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আম্বালাক্কান্দিভায়াল।
স্থানীয়রা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কাটআউটও স্থাপন করা হবে। পাশাপাশি কাতারের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা কেরালার ফুটবলার তাহসিন মোহাম্মদ জামশিদের কাটআউট তৈরির পরিকল্পনাও রয়েছে।
বিশ্বকাপ ঘিরে কেরালার মালাবার অঞ্চলে ফুটবলপ্রেম নতুন কিছু নয়। শিশু থেকে প্রবীণ সব বয়সী মানুষের জীবনযাপনের অংশ হয়ে উঠেছে ফুটবল। নিয়মিত স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি বিশ্বকাপ এলে সমর্থকদের মধ্যে বাড়ে উৎসবের আমেজ ও বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা।
স্থানীয়দের মতে, একসময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যে মাঠে হেলিকপ্টারে অবতরণ করেছিলেন, আজ সেই একই মাঠ আবারও আলোচনায় এসেছে। তবে এবার কারণ ফুটবল বিশ্বকাপ আর বিশ্বসেরা তারকাদের বিশালাকৃতির কাটআউট।
এনএফ৭১/একে
বিষয়:
