পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বিমান বাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও রয়েছেন।

এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।” নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরাও ছিলেন।

স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচিতে সহায়তা করছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা বহু দূর থেকেও দেখা যায়। দুর্ঘটনাটি বিমানঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল।

দুর্ঘটনার পর এডওয়ার্ডস বিমানঘাঁটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিতে আগত সব বিমানকে বিকল্প গন্তব্যে পাঠানো হয়। জরুরি উদ্ধার ও তদন্ত কার্যক্রমের স্বার্থে দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

প্রাথমিক ভিডিওচিত্র পর্যালোচনায় ঘটনাটিকে “উদ্ধার-অযোগ্য ও প্রাণে বাঁচার সম্ভাবনাহীন” হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় ৩০ দিন সময় লাগতে পারে, আর বিস্তারিত তদন্ত চলতে পারে ছয় মাসেরও বেশি সময়।

মার্কিন সামরিক বাহিনীতে ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস, যা ‘বাফ’ (BUFF) নামেও পরিচিত। দীর্ঘপাল্লার এই কৌশলগত বোমারু বিমানটি সম্প্রতি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নিয়েছিল।

প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম বি-৫২ একসঙ্গে ৭০ হাজার পাউন্ড বা প্রায় ৩২ হাজার কেজি অস্ত্র বহন করতে পারে। এটি শত শত প্রচলিত বোমার পাশাপাশি সর্বোচ্চ ৩২টি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। আকাশে জ্বালানি গ্রহণের সুবিধা থাকায় এর কার্যক্ষমতার পরিসর প্রায় সীমাহীন বলে মনে করা হয়।

সূত্র: বিবিসি বাংলা



বিষয়:



Top