মদিনায় মিলল খলিফা উমর (রা.)-এর নামাঙ্কিত শিলালিপি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:১৪ এএম
সৌদি আরবের মদিনা অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপের সময় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামাঙ্কিত একটি প্রাচীন শিলালিপি আবিষ্কৃত হয়েছে। দেশটির ঐতিহ্য বিষয়ক কমিশন এ তথ্য জানিয়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, জরিপ কার্যক্রমের প্রথম ও দ্বিতীয় ধাপে মোট এক হাজার ৭৭৪টি প্রত্নসম্পদ শনাক্ত করা হয়েছে। এসব আবিষ্কারের মধ্যেই খলিফা উমর (রা.)-এর নাম বহনকারী শিলালিপিটি পাওয়া যায়।
এ ছাড়া জরিপকারী দল ১৭৩টি পূর্বে অজানা প্রত্নতাত্ত্বিক স্থানের অস্তিত্ব নথিভুক্ত করতে সক্ষম হয়েছে, যা অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য গবেষণায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আবিষ্কৃত নিদর্শনের মধ্যে রয়েছে খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর নামাঙ্কিত শিলালিপি, পাথরে উৎকীর্ণ প্রাচীন আরবি কবিতা এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন।
কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, উদ্ধার হওয়া প্রত্নসম্পদের মধ্যে রয়েছে এক হাজার ২৫৯টি শিলালিপি, ৪৬১টি ইসলামী শিলালিপি, সামুদ ভাষায় লেখা ৩৪টি শিলালিপি, ১১টি পাথরের স্থাপনা, তিনটি প্রাসাদ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা, কাফেলা পথের দুটি মাইলফলক এবং চারটি কূপ।
উল্লেখ্য, হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) ৬৩৪ খ্রিস্টাব্দ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করেন এবং ইসলামের ইতিহাসে অন্যতম প্রভাবশালী শাসক হিসেবে পরিচিত। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এনএফ৭১/একে
বিষয়:
