আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ রোববার (১৪ জুন) একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ সময়সূচি নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে ইরান, জানিয়েছে বিবিসি।
নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি “সবার জন্য উন্মুক্ত” হবে।
তিনি আরও দাবি করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে এবং স্বাক্ষরের প্রস্তুতি চলছে “ইলেকট্রনিক মাধ্যমে”। এ প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে পাকিস্তান।
তবে শনিবার (১৩ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তাঁর ভাষায়, “রোববার চুক্তি স্বাক্ষর হবে—এ বিষয়ে আমরা নিশ্চিত নই।”
ট্রাম্প তার পোস্টে আরও বলেন, চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হবে। পাশাপাশি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “উপযুক্ত সময়ে, যখন পরিস্থিতি শান্ত হবে, আমরা সেখানে গিয়ে নিউক্লিয়ার ডাস্ট সংগ্রহ করব”—যা পরে ধ্বংস করা হবে বলে জানান তিনি।
চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থানে এমন ভিন্ন সুর নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
বিষয়:
