আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৩:৫৭ এএম
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি ‘এএন-৩২’ (AN-32) পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে জোরহাট বিমানবাহিনী ঘাঁটির ভেতরে এই দুর্ঘটনা ঘটে। এতে বিমানটিতে থাকা পাঁচজন আরোহী নিহত হয়েছেন।
ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিচয় প্রকাশ করেছে।
নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
বিমানবাহিনী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের অংশ হিসেবে উড্ডয়নের পর অবতরণের সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে। এটি বিমানঘাঁটির ভেতরেই আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থল বর্তমানে ঘিরে রাখা হয়েছে এবং কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গভীর শোক প্রকাশ করে বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য তারা অপেক্ষা করছেন।
বিষয়:
