বাংলাদেশের সীমান্তবর্তী প্রদেশে ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১২:৩৩ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের আসাম রাজ্যে দেশটির বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে অবতরণের সময় জোরহাট বিমান বাহিনী ঘাঁটির ভেতরে উড়োজাহাজটি ভূপাতিত হলে এতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল ভারতীয় বিমান বাহিনীর বহরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সামরিক পরিবহন উড়োজাহাজ। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম অঞ্চলে চলাচলের উপযোগী করে তৈরি এ ধরনের উড়োজাহাজ দীর্ঘদিন ধরে রসদ পরিবহন, সেনা সদস্য স্থানান্তর এবং বিভিন্ন সামরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে।

উড়োজাহাজটি একসঙ্গে বিপুল পরিমাণ মালামাল বহনের পাশাপাশি কয়েক ডজন যাত্রী ও প্যারাট্রুপার পরিবহনে সক্ষম। বিশেষ করে পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলে সামরিক সরঞ্জাম পৌঁছে দিতে এ ধরনের উড়োজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই বৈমানিক নিহত হন। নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নের সময় উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়। সূত্র: এনডিটিভি

এনএফ৭১/একে



বিষয়:



Top