ইউক্রেনে বেসামরিক প্রাণহানি তিন বছরের সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১১:০৯ পিএম

সংগৃহীত

ইউক্রেনে চলতি বছরের মে মাসে বেসামরিক হতাহতের সংখ্যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে অন্তত ২৭৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ৭৬৩ জন আহত হয়েছেন। ২০২২ সালের এপ্রিলের পর এক মাসে এটিই সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা।

জাতিসংঘ জানিয়েছে, ২০২৫ সালের মে মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে নিহত ও আহতের সংখ্যা প্রায় ৯৩ শতাংশ বেড়েছে। গত বছরের মে মাসে ১৯১ জন নিহত এবং ৮৬৫ জন আহত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে মোট হতাহতের প্রায় ৪৫ শতাংশ সংঘটিত হয়েছে। এসব হামলার বড় অংশ হয়েছে রাজধানী কিয়েভ ও দনিপ্রোর মতো যুদ্ধক্ষেত্র থেকে দূরের শহরগুলোতে।

এদিকে, সামনের সারির যুদ্ধাঞ্চলে স্বল্প-পাল্লার ড্রোন হামলা বেসামরিক হতাহতের প্রধান কারণ হয়ে উঠেছে। শুধু মে মাসেই ড্রোন হামলায় ৬৪ জন নিহত এবং ৫৩৯ জন আহত হয়েছেন, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ১৬ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ হাজারের বেশি আহত হয়েছেন।

তবে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে প্রবেশাধিকার সীমিত থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top