যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার দাবি, দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হওয়ার পথ অনেকটাই সুগম হয়েছে। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে উভয় পক্ষ নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে তা অনুমোদন করবে। এরপর আনুষ্ঠানিকভাবে চুক্তির ঘোষণা দেওয়া হবে।

তিনি জানান, প্রস্তাবিত সমঝোতা স্মারকে লেবাননসহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন চুক্তি কার্যকর না হলে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা শুরু হবে না বলেও উল্লেখ করেন তিনি।

আরাগচির ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশ নতুন করে কোনো সামরিক সংঘাতে না জড়ানোর অঙ্গীকার করবে। এরপর ৬০ দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে, যার লক্ষ্য হবে একটি স্থায়ী ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো।

গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সম্প্রতি একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্যেই গত বৃহস্পতিবার রাতে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিছু সময় পর তিনি জানান, হামলার নির্দেশ স্থগিত রাখা হয়েছে, কারণ দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি প্রস্তুতের কাজ চলছে।

এরপর থেকেই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top