যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ কলম্বিয়ার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:১০ এএম

সংগৃহীত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অভিযোগ করেছেন, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে তার নির্ধারিত বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি এ ঘটনাকে নিজের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

গত বুধবার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে আয়োজিত একটি বৈঠকে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে মেয়র জোহরান মামদানির সঙ্গে পেত্রোর একটি নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল।

তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দেন, এ বৈঠক গত বছর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পেত্রোর ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞার শর্ত লঙ্ঘন করতে পারে। এর পরিপ্রেক্ষিতে বৈঠকটি বাতিল করা হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বর্তমানে পেত্রো কেবল সরকারি কাজে কূটনৈতিক ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন। তবে বৃহস্পতিবার তিনি বলেন, তার চলাফেরার ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে— এমন কোনো আনুষ্ঠানিক তথ্য তাকে জানানো হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেত্রো লেখেন, “নিউইয়র্কের মেয়রের সঙ্গে কথা বলার স্বাধীনতা খর্ব করা হয়েছে। আমি এটিকে অগণতান্ত্রিক মনে করি। একইভাবে, বোস্টনে আমন্ত্রিত একটি বক্তৃতা দেওয়ার সুযোগ না দিয়ে আমার চিন্তার স্বাধীনতাও খর্ব করা হয়েছে।”

ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি গত নভেম্বরে সমাজতান্ত্রিক ও অভিবাসীবান্ধব রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে মেয়র নির্বাচিত হন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিষয়ে একাধিকবার বিরোধ দেখা দিয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে অভিবাসী বহিষ্কার, মাদক পাচারে ব্যবহৃত সন্দেহভাজন নৌযানে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলা এবং কোকেন পাচার দমনে পেত্রোর ভূমিকা।

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে পেত্রো অভিযোগ করেন, তাকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্র তাদের কথিত মাদকবিরোধী অবস্থানের বিপরীতে গিয়ে মাদক পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়েছে।

তিনি আরও দাবি করেন, ওয়াশিংটন ডানপন্থী আইনজীবী আবেলার্ডো দে লা এসপ্রিয়েলাকে সমর্থন দিচ্ছে। আগামী ২১ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ ভোটে পেত্রোর সমর্থিত বামপন্থী সিনেটর ইভান সেপেদাকে পরাজিত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে আবেলার্ডো দে লা এসপ্রিয়েলা নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস, এএফপি

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top