একযোগে ডাউন ফেসবুক ও মেসেঞ্জার, কারণ নিয়ে ধোঁয়াশা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৭:১৯ এএম

সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ করে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একযোগে প্ল্যাটফর্ম দুটির সেবা ব্যবহারে সমস্যার সম্মুখীন হন।

ব্যবহারকারীদের অভিযোগ, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে গেছে। কেউ নিউজফিড দেখতে পারছেন না, আবার কেউ লগইন করতে গিয়ে বারবার ত্রুটি বার্তা পাচ্ছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউনিল্যাডের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ব্যবহারকারী ফেসবুকের সেবা বিপর্যয়ের অভিযোগ জানিয়েছেন। একই সময়ে সেবার অবস্থা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইজডাউন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার রিপোর্ট করেছেন।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, শুক্রবার দুপুর থেকেই ফেসবুকের সার্ভিসে বিভিন্ন ধরনের ত্রুটি শনাক্ত করা হচ্ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাটি আরও বিস্তৃত আকার ধারণ করে এবং একাধিক দেশে এর প্রভাব দেখা যায়।

রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের ব্যবহারকারীদের কাছ থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে। তবে সমস্যাটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়; বরং এটি বৈশ্বিক পর্যায়ের প্রযুক্তিগত ত্রুটি বলেই ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সার্ভারজনিত সাময়িক ত্রুটি কিংবা অবকাঠামোগত কারিগরি সমস্যার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।

বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, যেহেতু এটি বিশ্বব্যাপী একটি সমস্যা, তাই মেটার প্রকৌশলীরা ইতোমধ্যে সেবা স্বাভাবিক করতে কাজ করছেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top