রাজধানীর পর এবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দিলো ভারতের ‘ককরোচ জনতা পার্টি’
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:১৪ পিএম
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি কটাক্ষমূলক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ এবার সারাদেশে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের সাবিত্রীবাঈ ফুলে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং সরকারি জবাবদিহির দাবিতে এক মাসব্যাপী ধারাবাহিক আন্দোলনের সূচনা করে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর সমালোচনা করা হয়। সেখানে দাবি করা হয়, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও মূল্যায়ন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের কারণে কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে।
এ সময় আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ভারতের পরিচিত পরিবেশ ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন।
সমাবেশ থেকে সংগঠনটি তাদের পাঁচ দফা শিক্ষা দাবি ঘোষণা করে এবং জানান, পুনে থেকে শুরু হওয়া এই আন্দোলন ধাপে ধাপে জয়পুর, লক্ষ্ণৌ, অমৃতসর, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ হয়ে রাজধানী নয়াদিল্লির যন্তরমন্তরে গিয়ে বড় অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত একদল ভুয়া সনদধারী ও বেকার তরুণকে সমাজের উপদ্রবের সঙ্গে তুলনা করেন। এই মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে তরুণদের মধ্যে।
পরবর্তীতে সেই ক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রূপ নিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি অনলাইন আন্দোলনে পরিণত হয়, যা অল্প সময়েই বিপুল অনুসারী অর্জন করে। এখন সেই অনলাইন প্রতিবাদই ভারতের বিভিন্ন শহরে বাস্তব রাজপথ আন্দোলনে রূপ নিচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:
