তিন বছর কোমায় থাকার পর থাই রাজকুমারী বজ্রকিতিয়াভার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১১:০০ পিএম

ছবি: সংগৃহীত

তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা মারা গেছেন বলে রাজপরিবার জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

রাজপরিবারের বিবৃতির বরাতে জানা যায়, ২০২২ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিল অনিয়মিত হৃদস্পন্দনের কারণে তিনি অচেতন হয়ে যান।

রাজপ্রাসাদ জানায়, দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যা সত্ত্বেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাজকুমারী বজ্রকিতিয়াভা ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি নিউইয়র্কে থাইল্যান্ডের জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন। পরে দেশে ফিরে ব্যাংককে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কাজ করেন। পরবর্তীতে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২১ সালে তাকে রাজকীয় দেহরক্ষী বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং জেনারেল পদমর্যাদাও প্রদান করা হয়।

রাজপরিবারের গুরুত্বপূর্ণ এই সদস্যের মৃত্যুতে থাই রাজপরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: বিবিসি

এনএফ৭১/একে



বিষয়:



Top