বর্তমানে ইরান আগের চেয়ে আরও বেশি শক্তিশালী: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ইরান বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী, অধিক প্রস্তুত এবং কার্যকর প্রতিরোধক্ষম অবস্থানে রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী। একইসঙ্গে সম্ভাব্য শত্রুদের উদ্দেশে কড়া হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী রক্ষী বাহিনী জানায়, শত্রুপক্ষের সব ধরনের তৎপরতার ওপর তাদের নিবিড় গোয়েন্দা নজরদারি রয়েছে। দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি কিংবা আগ্রাসনের জবাবে দ্রুত, কঠোর ও শক্ত প্রতিক্রিয়া জানাতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

‘সত্য প্রতিশ্রুতি-৩’ অভিযান এবং ইরানের ভাষায় ‘দ্বিতীয় আরোপিত যুদ্ধ’-এর বার্ষিকী উপলক্ষে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, উনিশশো আশির দশকের যুদ্ধকালীন অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সংঘাত থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতাকে আরও সুসংগঠিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও প্রস্তুত। শত্রুপক্ষের ভুল পদক্ষেপ বা আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর জবাব দিতে দেশটি সক্ষম।

বিপ্লবী রক্ষী বাহিনীর দাবি, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং ইরানের সামরিক পদক্ষেপের ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন এসেছে।

এদিকে বাহিনীটি আরও দাবি করেছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল সীমিত করার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top