মার্কিন হামলায় প্রাণ গেল দুই ভারতীয় নাবিকের, নিখোঁজ একজন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ওমান উপকূলসংলগ্ন গালফ অব ওমান এলাকায় চলাচলরত একটি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় নাবিকদের সংগঠন ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া।

নিহতরা হলেন আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়া। আর জাহাজটির প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ এখনও নিখোঁজ রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ভারত সরকার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক জেসন মিকসকে তলব করে ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং নিখোঁজ নাবিকদের খুঁজে বের করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ড দাবি করেছে, তারা নির্ভুল হামলার মাধ্যমে জাহাজটির ইঞ্জিন কক্ষ অকার্যকর করে দেয়। তাদের অভিযোগ, জাহাজটি ইরানের তেল বহন করছিল এবং মার্কিন বাহিনীর নির্দেশনা অনুসরণ করেনি।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ভারত সরকার এ ধরনের হামলাকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top