মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৬:২২ পিএম
ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচল করতে পারবে না।
বাহিনীটির দাবি, যুক্তরাষ্ট্র পূর্বের যুদ্ধবিরতি চুক্তি একাধিকবার লঙ্ঘন করেছে। এর প্রতিবাদেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরান জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে তেলবাহী জাহাজ, বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সেই দাবিও প্রত্যাখ্যান করেছে তেহরান, যেখানে বলা হয়েছিল মার্কিন বাহিনী জাহাজগুলোকে নিরাপদে প্রণালি অতিক্রমে সহায়তা করেছে।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে আঘাত হানা হয়েছে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবেই এই হামলা পরিচালনা করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশের কেশম দ্বীপ, বান্দার আব্বাস ও সিরিক শহরে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া দক্ষিণাঞ্চলের কারগান শহরেও বিস্ফোরণে অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:
