নড়াইলে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যানচালক গ্রেফতার
আব্দুল হামিদ শেখ | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:০৫ এএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মো. আজিবার শেখ (৫০) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিবার শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই শিশুকে বহন করছিলেন আজিবার শেখ। পথিমধ্যে তিনি শিশুটির শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা অভিযুক্তকে শনাক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।
শিশুটির বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালায়। মামলার মাত্র এক ঘণ্টার মধ্যেই উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রাম থেকে অভিযুক্ত আজিবার শেখকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
বিষয়:
