উত্তর আমেরিকায় শুরু হচ্ছে ফুটবল মহাযজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১১:৪২ পিএম

সংগৃহীত

বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় ও জমকালো আসরের পর্দা উঠছে উত্তর আমেরিকায়। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন দেশ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।

আগামী ১১ জুন মেক্সিকো সিটির ম্যাচ দিয়ে শুরু হবে রেকর্ড ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ, যা শেষ হবে ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালের মাধ্যমে।

এবারের আসরের অন্যতম আকর্ষণ হলো তিনটি আয়োজক দেশেই পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বিখ্যাত ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালিচের তত্ত্বাবধানে সাজানো হয়েছে এই আয়োজন, যেখানে ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছে তিন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন।

প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে, যা বর্তমানে মেক্সিকো সিটি স্টেডিয়াম নামে পরিচিত। সেখানে মেক্সিকোর লোকজ সংস্কৃতি ও পুতুল শিল্পের পাশাপাশি পারফর্ম করবেন শাকিরা, জে বালভিন, আলেজান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা এবং দক্ষিণ আফ্রিকার শিল্পী টাইলা। শাকিরা গাইবেন বার্না বয়ের সঙ্গে একটি নতুন গানও।

অনুষ্ঠান শেষে মাঠে নামবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এই আয়োজন ঘিরে মেক্সিকো সিটি কর্তৃপক্ষ ইতিমধ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে। তবে শিক্ষক ইউনিয়নের বেতন ও পেনশন দাবিতে সম্ভাব্য আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পরদিন ১২ জুন কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান হবে।

কানাডার অনুষ্ঠান সাজানো হয়েছে বহুসাংস্কৃতিক “কালচারাল মোজাইক” থিমে। সেখানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, মাইকেল বুবলে ও নোরা ফাতেহি। এরপর কানাডা তাদের প্রথম বিশ্বকাপ হোম ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার।

অন্যদিকে লস অ্যাঞ্জেলেসে কেটি পেরি, ফিউচার, আনিটা, রেমা এবং কে-পপ তারকা লিসা পারফর্ম করবেন। এরপর যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

স্টেডিয়াম ও বড় স্ক্রিন মিলিয়ে প্রায় দুই লাখ দর্শকের উপস্থিতি থাকবে, আর বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক টেলিভিশনে উপভোগ করবেন এই ফুটবল মহাযজ্ঞ।

বাংলাদেশে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস। এসব চ্যানেলের যৌথ কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিয়েছে।

সূত্র: আল জাজিরা

এনএফ৭১/ওতু



বিষয়:



Top