ভূমিকম্পে নাতিকে বুকে আগলে রাখলেন দাদি,নেটদুনিয়ায় ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৭:২৩ এএম

সংগৃহীত

দক্ষিণ ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের সময় এক বৃদ্ধার অসাধারণ সাহসিকতা ও মানবিকতার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তীব্র কম্পনের মধ্যেও তিনি মুহূর্তের মধ্যে তার নাতিকে বুকের ভেতর আগলে নিরাপদ রাখার চেষ্টা করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ওই বৃদ্ধাকে ‘সুপারহিরো দাদি’ হিসেবে আখ্যা দিচ্ছেন। অনেকেই বলছেন, ভয়াবহ দুর্যোগের সময় তার এই প্রতিক্রিয়া নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতার শক্তিশালী দৃষ্টান্ত।

ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় চারপাশ কাঁপলেও বৃদ্ধার চোখে আতঙ্ক থাকলেও তার প্রধান অগ্রাধিকার ছিল নাতির জীবন রক্ষা করা। তিনি দ্রুত শিশুটিকে নিজের শরীর দিয়ে ঢেকে ফেলেন, যেন নিজের শরীরকেই ঢাল হিসেবে ব্যবহার করছেন।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার সাহসিকতার প্রশংসা করেছেন, আবার অনেকে ভূমিকম্পের ভয়াবহতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে স্থানীয় সময় সোমবার (৮ জুন) ভোরে ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের উপকূলের কাছাকাছি প্রায় ২০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। এতে পুরো মিন্দানাও অঞ্চলজুড়ে তীব্র কম্পন অনুভূত হয়। প্রায় ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও কম্পন টের পাওয়া যায়।

ভূ-তাত্ত্বিকভাবে অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর অংশ হওয়ায় এখানে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

ভূমিকম্পের পর ফিলিপাইনসহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয় এবং উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top